অস্ট্রেলিয়ায় সঙ্গীত ও অভিনয়ে চুনারুঘাটের লিটন কামালের সাফল্য

Printed Edition

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লিটন কামাল শেখ অস্ট্রেলিয়ায় সঙ্গীত ও চলচ্চিত্রে কাক্সিক্ষত সাফল্য অর্জন করে নিজ এলাকায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি বর্তমানে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই গান ও অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন।

সিডনির ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট থেকে পড়াশোনা শেষে লিটন কামাল সঙ্গীতজীবন শুরু করেন। ২০১২ সালে তার প্রথম স্ব-প্রযোজিত গান ‘কোয়েলি’ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। এরপর ‘জিপসি হার্ট অ্যান্ড মি’ ও ‘লাভ অ্যান্ড গড’সহ একাধিক গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি। সম্প্রতি তার গান ‘রম পম’ অনলাইনে নতুন করে আলোচনায় এসেছে।

সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন লিটন। ‘লাভ অ্যান্ড গানস মাফিয়া টেলস’ চলচ্চিত্রে ‘শ্যাডি’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বেশ প্রশংসা পেয়েছে।

বর্তমানে তিনি সঙ্গীত ও অভিনয় দুই ক্ষেত্রেই সমানতালে কাজ করে যাচ্ছেন। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ প্রকাশ করে বিশ্বজুড়ে দর্শকদের সাথে সংযোগ স্থাপন করছেন তিনি।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে লিটন কামাল তরুণদেরও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।