সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মো: নজরুল ইসলাম (৪২) মারা গেছেন। গত শনিবার দুপুরে উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর বুদপাড়া গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কিছু কাজ করছিলেন নজরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা।

তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পচাকোড়ালিয়া স্লুইসগেটসংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ উপজেলার পচাকোড়ালিয়া স্লুইসগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী (বরগুনা) সংবাদদাতা।

বিষাক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে বিষাক্ত মদ্যপানের ঘটনায় সোহাগ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দু’জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তরফকামাল গ্রামের সোহাগ মণ্ডল, তার সহোদর ভাই সৈকত মণ্ডল এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে তৈরি করা পানীয় পান করেন। পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

খুলনায় অভিযানে গ্রেফতার ৩৯

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হত্যাসহ কয়েক মামলার অভিযুক্ত কাজী রাফসান মাহমুদ পার্থ রয়েছে। খুলনায় হত্যাসহ অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযানে গত চার দিনে মোট ১৬০ জনকে গ্রেফতার করা হলো। খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, গত চার দিন ধরে খুলনা মহানগরীতে কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে নগরীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনা সদর থানায় ৯ জন, সোনাডাঙ্গা থানায় পাঁচজন, লবণচরা থানায় একজন, হরিণটানা থানায় ছয়জন, খালিশপুর থানায় চারজন, দৌলতপুর থানায় দু’জন, আড়ংঘাটা থানায় সাতজন এবং খানজাহান আলী থানায় পাঁচজন রয়েছে। খুলনা ব্যুরো।

পটুয়াখালীতে ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো: সায়েম বেপারী (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল সকালে শহরের গরুর বাঁধঘাট এলাকায় অবস্থিত পটুয়াখালী পৌর পার্কের প্রধান গেটসংলগ্ন প্রশাসনিক ভবনের পেছনের একটি টিনশেড বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সায়েম বেপারী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টের সেফ (বাবুর্চি) হিসেবে ছিলেন এবং কর্মসূত্রে পটুয়াখালীতেই অবস্থান করছিলেন। পটুয়াখালী সদর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী প্রতিনিধি।

দুমকিতে কুকুরের কামড়ে আহত ১০

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। গত শনিবার বিকেল ও গতকাল সকালে শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজার ও আঙ্গারিয়া বাজার এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে। আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশকে ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আদনান ও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা। দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা।

৯ লক্ষাধিক টাকার মাদক জব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ দুই হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৬ ও ৭ জুন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দামুড়হুদার বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। গতকাল বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৪০৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, এক হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৪ পিস ভারতীয় শাড়ি এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

রামগতিতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

লক্ষ্মীপুরের রামগতিতে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ আট লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, রামগতি উপজেলার জনতা বাজারসংলগ্ন মেঘনা নদীতে শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রামগতি স্টেশন কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারি ও তার দুই সহযোগীকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ডাকাতরা হচ্ছে মো: আজিম ব্যাপারি (আজিম ডাকাত), মো: বশির ও রাব্বী। আজিম সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকার; অন্য দু’জন রামগতি উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি সোপর্দ করা রয়েছে। রামগতি সংবাদদাতা।