শেষ দিকে উইকেট জরুরি ছিল : শন টেইট

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সালমান আলি আগা ও মোহাম্মাদ রিজওয়ানের জুটিতে কিছুটা কালো মেঘের আভা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ শিবিরে। তবে তাইজুল ইসলামের শেষের জোড়া আঘাতে সে শঙ্কার মেঘ কেটে যায়। বাংরাদেশের বোলিং কোচ শন টেইট বললেন, দিনশেষে ড্রেসিং রুমে ক্রিকেটারদের হাসি ঝলমলে মুখই দেখেছেন।

নতুন বলের প্রথম ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৫ উইকেটে ২৯০। পরের ওভারটি করতে এসে তাইজুল প্রথম বল বাউন্ডারিতে পাঠান গুলির বেগে। কপালে চিন্তার ভাঁজ ছিল বৈকি। ওই ওভারেই দারুণ এক ডেলিভারিতে সালমানকে বোল্ড করে ১৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল। নিজের পরের ওভারে তিনি বিদায় করে দেন হাসান আলিকেও। ম্যাচের লাগাম তাতে আরো ভালোভাবেই চলে আসে বাংলাদেশের মুঠোয়। রিজওয়ান যদিও টিকে আছেন ৭৫ রান নিয়ে। তবে পাকিস্তানের প্রয়োজন এখনো ১২১ রান, উইকেট বাকি মোটে ৩টি।

বাংলদেশের জন্য দিনটি খুব আদর্শ নয়। চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে দেয়ার ইচ্ছে তাদের ছিল। কিন্তু গোটা সিরিজে বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং দিনটি আসে এ দিনই। সংবাদ সম্মেলনে টেইট বললেন, ‘ক্রিকেটের জন্য দিনটি শেষ পর্যন্ত বেশ ভালোই ছিল। দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। ওরা খুব ভালো ব্যাটিং করেছে। উইকেটও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমাদের ছেলেরা প্রতিদ্বন্দ্বিতায় ছিল। ওরা কিছু সময়ের জন্য আমাদের ওপর আধিপত্য বিস্তার করেছিল বটে। শেষের দিকে ওই দুটো উইকেট নেয়াটা জরুরি ছিল। শেষ পর্যন্ত আমরা বেশ খুশিমনেই ড্রেসিংরুমে ফিরেছি।’

‘ওরা বেশ ভালো বোলিং করেছে। সাম্প্রতিক সময়ে বোলাররা আমাদের দারুণ কিছু সময় এনে দিয়েছে এবং এতে যা হয়, প্রতিদিন আপনারা একই রকম আশা করেন। কিন্তু ক্রিকেটে সবসময় তা সেভাবে কাজ করে না।’