রাজনীতি হবে আমানত ক্ষমতা জবাবদিহিমূলক

২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মামুনুল হকের

Printed Edition
মোহাম্মদপুর এলাকায় ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ :  নয়া দিগন্ত
মোহাম্মদপুর এলাকায় ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রসংস্কার ও ইসলামী সুশাসনের রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আমির মাওলানা মামুনুল হক এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

৫ অধ্যায় ও ২২ দফা ইশতেহারে যা বলা হয়েছে-

‘রাজনীতি হবে আমানত, ক্ষমতা হবে জবাবদিহিমূলক’-এই মূলনীতিকে সামনে রেখে ঘোষিত ইশতেহারটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত এবং মোট ২২টি দফা সংবলিত। ইশতেহারে বিগত ১৬ বছরের রাজনৈতিক সঙ্কট বিশ্লেষণ করে রাষ্ট্রীয় সংস্কারের একটি সমন্বিত পথনকশা তুলে ধরা হয়েছে।

অগ্রাধিকারমূলক ৬ কর্মসূচি : সংগঠনটির পক্ষ থেকে ছয়টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে সেগুলো হলো-

১. সুষম উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ।

২. সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

৩. শক্তিশালী প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা।

৪. স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি।

৫. নৈতিকতা নির্ভর সার্বজনীন শিক্ষাব্যবস্থা।

৬. তরুণদের জন্য কর্মসংস্থান বা ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টি’।

বিগত শাসনের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার : ইশতেহারের প্রথম অধ্যায়ে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত শাসনের গুম-খুন, ভোটাধিকার হরণ এবং বিচার বিভাগের দলীয়করণের চিত্র তুলে ধরা হয়। এসব ঘটনার জন্য আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ : রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ-দুর্নীতি, অর্থ পাচার এবং নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে দল ‘শূন্য সহনশীলতা’ (তবৎড় ঞড়ষবৎধহপব) নীতি অনুসরণ করবে। এসব অপরাধ দমনে বিশেষ আইন ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের অঙ্গীকার করা হয়।

অর্থনীতি ও জনকল্যাণ : তৃতীয় অধ্যায়ে ইসলামী অর্থনীতি, কওমি মাদরাসার উন্নয়ন, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার, স্বাস্থ্যসেবা এবং প্রবাসীদের অধিকার নিয়ে বিস্তারিত কর্মসূচি পেশ করা হয়। এতে বলা হয়, উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে সাধারণ মানুষ এবং তাদের মানবিক নিরাপত্তা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনা করেন মাওলানা হাসান জুনাইদ। এ সময় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিশেষে আল্লাহভীতি ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়।