জিয়াউল আহসানের সাক্ষ্যগ্রহণ পেছাল, মানিকের তদন্ত প্রতিবেদন ৯ জুলাই

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন পৃথক দু’টি মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ আদেশ হয়েছে। সাবেক মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানের বিরুদ্ধে নতুন আইনজীবী নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। একই আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার জিয়াউল আহসানের মামলায় পঞ্চম সাক্ষীর জবানবন্দী গ্রহণের দিন ধার্য ছিল এবং সাক্ষীও যথাসময়ে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন। তবে গত ৭ জুন রাতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আমিনুল গণি টিটোর আকস্মিক মৃত্যুর কারণে জিয়াউল আহসানের পক্ষে নতুন আইনজীবী নিয়োগের সুযোগ চেয়ে সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আসামিপক্ষের এই আইনি অধিকার ও যৌক্তিক আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে, গত ২২ ও ২৩ এপ্রিল এই মামলার চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জবানবন্দী রেকর্ড ও জেরা সম্পন্ন হয়েছিল। গতকাল সকালে জিয়াউল আহসানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও কার্যক্রম মুলতবি হওয়ায় পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।