রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যরে স্তূপ অপসারণে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লার স্তূপ আংশিক অপসারণ ও সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। শুধু বর্জ্য অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় ময়লা ফেলা না হয়, সে বিষয়েও নজরদারি বাড়াতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, এ উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলোর পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



