ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা না দেখানোয় ক্ষিপ্ত হয়ে কাজী আহমেদ আশরাফ নামের এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে অপর পরীক্ষার্থী। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
গতকাল রোববার উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। হরিপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ের ছাত্র কাজী আহমেদ আশরাফ পরীক্ষার হলে খাতা না দেখানোর জেরে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর বাংলাবাজারে গতিয়া আজিজুল হক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হোসেনের নেতৃত্বে আরো চার-পাঁচজন মিলে আশরাফের ওপর হামলা করে। এ সময় রাকিব আশরাফকে পিঠে ছুরিকাঘাত করে আহত করে। আশরাফকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হরিপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলা উদ্দিন জানিয়েছেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ছাত্রের ওপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় ছাগলনাইয়া থানার ওসি মো: শাহীন মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে।



