ববি প্রতিনিধি
পড়েছেন একই স্কুল ও কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে। সেখানেও বজায় রেখেছেন মেধার স্বাক্ষর; দু’জনই হয়েছেন নিজ নিজ ব্যাচের টপার। এবার উচ্চশিক্ষার পরবর্তী ধাপে অংশ নিতে এই দুই সহোদর পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
অনন্য এই সাফল্যের গল্পটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের দুই মেধাবী ভাই মো: আতিকুর রহমান ও মো: আশিকুর রহমানের। তারা দু’জনই যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি (চযউ) করার গৌরব অর্জন করেছেন।
মো: আতিকুর রহমান ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ফ্লোরিডাতে। আর মো: আশিকুর রহমান যাচ্ছেন আমেরিকার অন্যতম সেরা অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে।
তারা যমজ ভাই হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই ভিন্ন সেশনের শিক্ষার্থী ছিলেন। মো: আতিকুর রহমান ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং মো: আশিকুর রহমান ছিলেন ২০১৮-১৯ সেশনের। দুই ভিন্ন ব্যাচে পড়াশোনা করলেও অর্জনের জায়গায় দুই ভাই-ই এক। দু’জনই নিজ নিজ ব্যাচে স্নাতক ও স্নাতকোত্তরে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়ার গৌরব অর্জন করেছেন। বর্তমানে আতিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন।
নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আতিকুর রহমান বলেন, আমাদের দু’জনেরই প্রথম থেকে ফিজিক্সের প্রতি আলাদা টান ছিল। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ফিজিক্সে পড়ার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। উচ্চশিক্ষার জন্য আমি ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম, যার মধ্যে ৮টি থেকেই ফুল-ফান্ডেড স্কলারশিপের অফার পাই। র্যাংকিং ভালো হওয়ায় আমি ইউনিভার্সিটি অব ফ্লোরিডাকেই বেছে নিয়েছি।
আর আশিকুর রহমান বলেন, আমি প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে চান্স পেয়েছিলাম, কিন্তু ফিজিক্সের প্রতি ভালোবাসার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলে আসি। আমি মোট ৮টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি বেছে নেয়ার কারণ, এখানকার প্রজেক্টগুলো আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে দারুণভাবে মিলে যায়। আল্লাহর রহমতে আমরা দুই ভাই একসাথে এক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে একই দেশে স্কলারশিপ পেয়েছি, এই অনুভূতি সত্যিই অসাধারণ।



