দুদকের মামলায় নতুন করে মাসুদ উদ্দিন গ্রেফতার

Printed Edition

আদালত প্রতিবেদক

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন। গত ২৫ মার্চ দুদকের সহকারী পরিচালক মো: আবুল কালাম আজাদ তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ধার্য করেছিলেন। দুদকের প্রসিকিউটর তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা যোগসাজশের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন। সাবেক এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণ করে রিক্রুটিং এজেন্ট হিসেবে নিয়োগ পান।

পরে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের লক্ষ্যে তিনি প্রভাব খাটিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্রের মাধ্যমে কাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুক্তির বাইরে গিয়ে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এভাবে সাত হাজার ১২৪ জন শ্রমিকের কাছ থেকে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া আত্মসাৎ করা অর্থ বিভিন্ন অবৈধ পন্থায় স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে মামলা করা হয়।

তদন্তে বিঘœ সৃষ্টি ও সাক্ষ্যপ্রমাণ নষ্টের আশঙ্কার কথা উল্লেখ করে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ এপ্রিল পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পর থেকে তিনি কারাগারে আছেন।