নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
মনিরা শারমিনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল দেন। নির্বাচন কমিশনসহ বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোট থেকে মনিরা শারমিনসহ ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। তবে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার আইন অনুযায়ী তিন বছর পার না হওয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরার মনোনয়নপত্র গত ২৩ এপ্রিল বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার নেয়া সিদ্ধান্ত বহাল রেখে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল মনিরার আপিল খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করেন মনিরা শারমিন।



