ক্রীড়া প্রতিবেদক
উচ্চ বেতন চাওয়া। প্রথমে ছিল ৩০ হাজার ডলার। এরপর তা ২৬ হাজারে নামিয়ে আনা। যদিও বাফুফের সামর্থ্য ১৫ হাজার ডলার পর্যন্ত। এর পরও হাই প্রোফাইল বলে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকেই বাফুফে কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। তা উচ্চ মূল্যের জন্য বাফুফে দারস্থ হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও রাজী হয়েছিলেন কোচের বেতনের টাকা শেয়ার করতে। অর্থাৎ বাফুফে কোলম্যানকেই জামাল-হামজা চৌধুরীদের জন্য কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। কিন্তু যার মাধ্যমে বাফুফের যোগাযোগ চলছিল কোলম্যানের সাথে সেই এজেন্টের সাথে এখনো বাফুফের বোঝাপড়া শেষ হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এই তথ্যই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। তাই এখন বিকল্পই চিন্তা করতে হচ্ছে। গতকাল জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফলে বাফুফেকে এখন কোচের দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় বাকী যারা আছেন তাদের মধ্য থেকেই একজনকে বাছাই করতে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
কোলম্যান সাথে সহকারী কোচ নিয়ে আসবেন। তার বেতন চাওয়া হয়েছে পাঁচ হাজার ডলার। সেই অর্থও দিতে রাজি ছিল বাফুফে। সব যখন ফাইনাল পর্যায়ে , বাফুফে বেশ সাহস নিয়েই যখন সামর্থ্যের চেয়েও উচ্চ মূল্যে কোচ নিয়োগ দিতে যাচ্ছিল তখন কোলম্যানের এজেন্টের সাথে বোঝাপড়া না হওয়াটা দুখঃজনক। বাফুফের তরফ থেকে চেষ্টার কমতি ছিল না। জানা গেছে, কোলম্যানের এজেন্ট তার দালালি (কমিশন) বাবদ বড় একটা টাকা চাচ্ছেন। যা কোলম্যানেরই দেয়ার কথা। তবে কোলম্যান এই অর্থ বাফুফের কাছে চাওয়ায় বাফুফে বিরক্ত। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার পেছনে এটি কারণ।
বাফুফে অবশ্য কোলম্যানের সাথে সংক্ষিপ্ত তালিকায় রেখেছিলেন টমাস ডুলি ও বার্নড স্টর্ককে। এদের বেতনের চাহিদাও কম। ১৫-২০ হাজার ডলারের মধ্যে। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই কোচদের যেকোনো একজনকে বাছাই করতে হবে। যদি তারা বাফুফের সিদ্ধান্ত পর্যন্ত ফ্রি থাকেন। অন্যথায় অন্য বিকল্প খুঁজতে হবে।
বাফুফের তালিকায় থাকা টমাস ডুলি মার্কিন যুক্তরাষ্ট্র্রের জাতীয় দলের সাবেক ফুটবলার। জাতীয় দলের হয়ে ৬০টি ম্যাচ খেলা এই কোচ ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ^কাপে খেলেছেন। এশিয়ার ফুটবলের সাথে পরিচিত তিনি। তার অধীনেই আসিয়ান অঞ্চলের দেশ ফিলিফাইন ২০১৪ ও ২০১৬ সালের আসিয়ান ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। দেশটিও ফিফা র্যাংকিংয়ে সেরা স্থানে পৌঁছেছিল। জার্মান কোচ বার্নড স্টর্ক বুরুশিয়া ডর্টমুন্ডে খেলেছেন। কাজাখস্তান ও হাঙ্গেরী জাতীয় দলের কোচ ছিলেন। সর্বশেষ তিনি বেলজিয়ামের শীর্ষ লিগের ক্লাব সার্কেল বুরুজের কোচের দায়িত্ব পালন করেন।



