ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন। বিশ্বকাপের ফাইনালে হারের পর রেফারিকে দোষারোপের কোনো চেষ্টাও করেননি আর্জেন্টিনা কোচ স্কালোনি।
দেশে ফেরার পর নিজের শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় নিজের আবেগকে আবারো ধরে রাখতে পারেননি স্কালোনি। ফাইনালে হারের পর অন্য কোনো দিকে আঙুল না তুলে পুরো কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকে, কোনো দোষ দিলেন না রেফারিংকে।
স্কালোনি বলেন, ‘একদমই অন্যায্য ছিল না রেফারিং। আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে। সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। এটা স্বীকার করতে পারলেই আমরা আরো ভালো দল হয়ে উঠব।’
নিজের দল নিয়ে গর্ব করে স্কালোনি বলেন, ‘ওরা ভালো ছিল, এটা সত্যি। কিন্তু আমার খেলোয়াড়েরা যা করেছে, তা নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, হারতেও তেমনি জানতে হয়। আমরা দেখিয়েছি, কিভাবে সম্মানের সাথে হার মেনে নিতে হয়।’
আসছে ডিসেম্বরের পর কি আর্জেন্টিনা জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিকে। চুক্তির নবায়ন কিংবা নতুন কোনো ঘোষণা না আসায় চার দিকে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কি অধ্যায়ের ইতি টানছেন স্কালোনি?
বিশ্বকাপের পর সংবাদ সম্মেলনে স্কালোনি আভাস দিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন, এটা নিশ্চিত। দেশে ফেরার পর পুনরাবৃত্তি করলেন একই কথা, জানালেন ডিসেম্বরের পর থাকবেন কি না- এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি এখনো।



