বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ জিম্বাবুয়ের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজের আয়োজন করতে চলেছে জিম্বাবুয়ে। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ সম্বলিত দ্বিপাক্ষিক সিরিজের সূচি গতকাল প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। জুন-জুলাই দুই মাসে জিম্বাবুয়ে সফরে এই সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্ট খেলতে নামবে দুই দল। ৬, ৯ ও ১১ জুলাই একই ভেনুতে হবে তিনটি ওডিআই। এরপর বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে টি-২০ সিরিজের ম্যাচগুলো।

গত বছর অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বশেষ বাংলাদেশে মুখোমুখি হয়েছিল দুই দল। সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। এটি ছিল চার বছরের মধ্যে এই ফরম্যাটে তাদের প্রথম জয়। পরের টেস্ট জিতে সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। বাংলাদেশের এর আগের জিম্বাবুয়ে সফরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের জুলাই ও আগস্টে। হারারে স্পোর্টস ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টি-২০ ও ওয়ানডে উভয় সিরিজই স্বাগতিকরা ২-১ ব্যবধানে জিতেছিল।