কিউবা নিয়ে ওয়াশিংটন ভুল হিসাব কষছে

ফিদেল ক্যাস্ট্রোর মেয়ে

Printed Edition
আলিনা ফার্নান্দেজ
আলিনা ফার্নান্দেজ

সিএনএন

কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ট্রোর মেয়ে আলিনা ফার্নান্দেজ বলেছেন, যুক্তরাষ্ট্র কিউবা সরকার নিয়ে ভুল হিসাব করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ দেশটিকে ভয়াবহ রক্তক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে। এ সময় তিনি জানান, কিউবান রেজিম বা শাসনব্যবস্থার তার কোনো আলাদা অনুভূতি নেই।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আলিনা ফার্নান্দেজ জানান, তার প্রজন্মের শৈশব কেটেছে টেলিভিশনে ফিদেল ক্যাস্ট্রোর দীর্ঘ ভাষণ দেখতে দেখতে। তিনি বলেন, ‘আমার প্রজন্ম টিভির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত, যেন তিনি (ক্যাস্ট্রো) দ্রুত শেষ করেন, যাতে আমরা আবার কার্টুন দেখতে পারি। এভাবেই আমার বড় হওয়া।’

তবে তিনি আরো জানান, তার ব্যক্তিজীবনের বাস্তবতা ছিল ভিন্ন। কারণ তিনি পরে জানতে পারেন ক্যাস্ট্রোই ছিলেন তার বাবা এবং তিনি মাঝে মধ্যে তাদের পারিবারিক জীবনে উপস্থিত হতেন। আলিনা বলেন, তিনি ছিলেন নিয়মিত আসা-যাওয়ার মধ্যে থাকা মানুষ। আলিনা ফার্নান্দেজ বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং দীর্ঘদিন ধরে কমিউনিজমবিরোধী অবস্থান বজায় রেখেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কিউবা নীতি এবং সম্ভাব্য সামরিক চাপকে তিনি খুবই বিপজ্জনক মনে করেন। তার ভাষায়, ‘এই প্রথমবার নয় যে, কিউবানদের বলা হচ্ছে, এখনই আক্রমণ আসছে। আমরা গত ৬৭ বছর ধরে আক্রমণের মধ্যেই আছি, বা আক্রমণের অবস্থার মধ্যেই আছি। আমি নিশ্চিত তারা প্রস্তুত। তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, আমি জানি না।’