আনন্দ মেলা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

Printed Edition
আনন্দ মেলা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা
আনন্দ মেলা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বিনোদন প্রতিবেদক

২০১৭ সাল থেকে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন আনন্দ মেলার ব্যানারে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে আসছে। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে হলিউডের পাদদেশে বিখ্যাত হলিউড সাইনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আয়োজন বিগত দিনের অন্যান্য আয়োজনের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং বর্ণাঢ্য হবে বলে জানিয়েছেন আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী। তিনি আরো জানিয়েছেন, আগামী ২৬ জুলাই বাংলাদেশের গর্ব, উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতার হাতে এবার আনন্দ মেলা লাইফ টাইম অ্যাচিভম্যান্ট (আজীবন সম্মাননা) অ্যাওয়ার্ড তুলে দেবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লস অ্যাঞ্জেলসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ববিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন। ববিতা জানান, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশীদের গড়া কোনো বড় সংগঠন থেকে তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। ববিতা বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানান কারণে ব্যাটে-বলে সময় মিলেনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রেও কাজ করেছি তখন বিভিন্ন স্টেটে গিয়েছি, বাংলাদেশীরা আমাকে সম্মানিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দ মেলার এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী সাহেবকে। তিনি এবং তার কমিটির বিবেচনায় আমাকে এই সম্মানায় ভূষিত করতে যাচ্ছে। সমন্বয়ক হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দীনও ভীষণ সহযোগিতা করেছে। আমার বিশ^াস হলিউডের পাশে বাংলাদেশীদের এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরো আলোকিত করবে।’ খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপা আজীবন সম্মাননা গ্রহণ করতে সম্মত হয়েছেন- এটি আনন্দ মেলা পরিবারের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। বলা যেতে পারে, এই আয়োজনে ববিতা আপা আসছেন, এই খবরে ভীষণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় ববিতা আপার প্রতি। তাকে ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় সব কিছু ঠিকঠাক মতো করতে পারব ইনশাআল্লাহ।’ ২০২৩ সালের ৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে দিনটি ‘ববিতা ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ববিতা একুশে পদকে ভূষিত হয়েছেন।