পাহাড়ে এক টাকায় বাজার ও ফ্রি চিকিৎসা

Printed Edition

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার অসহায় ও নি¤œআয়ের মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ মানবিক উদ্যোগ। গতকাল মঙ্গলবার সকালে এই অনগ্রসর জনপদে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ‘এক টাকায় বাজার’ ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প।

এই মানবিক বাজারে প্রায় ৫০০ দরিদ্র পরিবার মাত্র এক টাকার বিনিময়ে চাল, ডাল, তেল, ডিম ও কাপড়সহ ১৭ ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পায়। প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা মূল্যের বাজারসামগ্রী নিজেদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করে। দরিদ্র মানুষের আত্মসম্মানবোধ অক্ষুণœ রাখতেই প্রতীকী মূল্য হিসেবে এই এক টাকা নেয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।