চবিতে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ৫ দিনব্যাপী এক ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে শুরু হয়েছে। চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ ড. মো: ফরহাদ আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের বিসিকের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং উদ্যোক্তা হওয়ার বাস্তবমুখী কৌশল সম্পর্কে অবহিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। সমাপনী বক্তব্যে তিনি প্রশিক্ষণ কোর্সের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া বক্তব্য রাখেন চবি ম্যানেজমেন্টের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেনসহ অন্যান্য কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিআইয়ের সহযোগী অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি। বিজ্ঞপ্তি।