সওজ ও সেতুর এডিপি

শত প্রকল্পে ২১ হাজার ৬০০ কোটি টাকার প্রয়োজন

হামিদুল ইসলাম সরকার
Printed Edition

  • সওজের ৯৬টি প্রকল্প ১৯ হাজার ২৯ কোটি টাকা
  • সেতু বিভাগের ৬ প্রকল্পে ২ হাজার ৫৬৩ কোটি টাকা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার আবেদন অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনে আসছে। গত আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প সমাপ্ত করতেই এখন মন্ত্রণালয়গুলোর এই চাহিদা। সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) এবং সেতু বিভাগের পক্ষ থেকে নতুন অর্থবছরের ১০২টি প্রকল্পের জন্য ২১ হাজার ৫৯২ কোটি ৮২ হাজার টাকা চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এই চাহিদা পাওয়া গেছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগ ও পরিকল্পনা কমিশন সূত্রের তথ্যানুযায়ী, সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) বতর্মানে ৯৬ প্রকল্পের কাজ করছে। যেগুলোর বাস্তবায়ন ব্যয় হবে এক লাখ ৬০ হাজার ৮৫৩ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকা। এসবের মধ্যে সরকারি অর্থায়ন হবে এক লাখ চার হাজার ৮৪৬ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ৫৬ হাজার ৭ কোটি ২৬ লাখ টাকা। এই ৯৬টি প্রকল্প আগামী অর্থবছরে বাস্তবায়নে দরকার ১৯ হাজার ২৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা। যেখানে জিওবি খাত থেকে ১৩ হাজার ৪৬৩ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ৫ হাজার ৫৬৫ কোটি ৭০ লাখ টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ রয়েছে ১৬ হাজার ৫৯১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বিশ^ব্যাংকের অর্থায়নে সিলেট-চারখাই-শেওলা-মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ সড়ক নিরাপত্তা (মে ২০২৩-জুন ২০২৮), বান্দরবান সড়ক বিভাগের অধীনে হোট কমিউনিটির জন্য তিনটি সড়ক নির্মাণ ও উন্নয়ন (জুলাই ২০২৪-জুন ২০২৭), জাইকার অর্থায়নে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সেপ্টেম্বর ২০২৩-আগস্ট ২০২৯), কেএফএইডের অর্থায়নে গল্লামারী-বটিয়াঘাটা দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়কের (জেড-৭৬০৬) ২৮তম কিলোমিটারে চুনকুড়ি নদীর ওপর চুনকুড়ি সেতু নির্মাণ (জুলাই ২০২২-জুন ২০২৭) প্রকল্প, জিওবির টাকায় কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন। রাঙ্গামাটি (মানিকছড়ি) মহালছড়ি তি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক (আর-১৬২) প্রশস্তকরণ ও যথাযথ মানে উন্নীতকরণ (জানুয়ারি ২০২৬-ডিসেম্বর ২০২৯)। পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল মহাসড়ককে একস্তর নিচু দিয়ে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ (ডাঙ্গা বাজার-ইসলামপুর লিংকসহ) (প্রথম সংশোধিত) (জুলাই ২০১৭-জুন ২০২৬), সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্প (মার্চ ২০১৬-ডিসেম্বর ২০২৫), বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটার রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) (জুলাই ২০১৭-জুন ২০২৫)।

সেতু বিভাগের ৬ প্রকল্প

সেতু বিভাগের অধীনে চলমান প্রকল্প রয়েছে ছয়টি। এইসব প্রকল্প বাস্তবায়নে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে ২ হাজার ৫৬২ কোটি ৭৫ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এখানে বাংলাদেশ সরকারের অর্থায়ন এক হাজার ৮২৩ কোটি ৩৯ লাখ টাকা। বৈদেশিক সাহায্যের পরিমাণ হলো ৭৩২ কোটি টাকা। এই ছয়টি প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৩৭ হাজার ১৬৩ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা। যেখানে জিওবি উৎস থেকে ২৩ হাজার ৭৩৫ কোটি ৯১ লাখ টাকা এবং বিদেশী সহায়তা থেকে ১৩ হাজার ২০৬ কোটি চার লাখ টাকা। এখানে নিজস্ব অর্থায়ন হবে ২২২ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ রয়েছে পাঁচ হাজার ৩২৮ কোটি ১১ লাখ টাকা।

ছয় প্রকল্প হলো, বাংলাদেশ সরকারের অর্থায়নে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত) (জুলাই ২০১১-ডিসেম্বর ২০২৬) প্রকল্প, কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭তম কিলোমিটারে (জেড ৮০৫২) পায়রা নদীর ওপর সেতু নির্মাণ (মার্চ ২০২০-ডিসেম্বর ২০২৬), পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ (প্রথম সংশোধিত) (জানুয়ারি ২০২১-জুন ২০২৬), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ (মার্চ ২০২৩-জুন ২০২৮)। আর চীনের অর্থায়নে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (প্রথম সংশোধিত) (সেপ্টেম্বর ২০১৭-জুন ২০২৬)। এ ছাড়া ইডিসিএফ, দক্ষিণ কোরিয়ার অর্থায়নে মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণ (জানুয়ারি ২০২৪-ডিসেম্বর ২০২৮) প্রকল্প।

পরিকল্পনা কমিশনের আইএমইডির সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সেতু বিভাগের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার মাত্র ২৪.৬৯ শতাংশ। আর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একই সময়ে অগ্রগতি মাত্র ২৫.১২ শতাংশ। যেখানে আট মাসে এডিপির বাস্তবায়ন হার ৩০.৩১ শতাংশ।