বাসস
পাবনার বেড়া উপজেলায় এক সমাবেশে রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন বলেছেন, শিগগির সরাসরি ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু হবে। শুক্রবার রাতে উপজেলার ঢালার চরের ঘাস চরে সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় বেড়া উপজেলার খয়ের চর, ঢালার চর, কাজীরহাট পরির্দশন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম শোভন।
এ সময় তাদের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া পাবনার সাবেক এমপি এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কাজিরহাট ফেরিঘাট চালু করা, সংশ্লিষ্ট সংযোগ সড়ক চালুর প্রস্তাব, ঢালার চর পদ্মা রেল সেতুর সাথে সংযুক্ত করার জন্য ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভব্যতা যাচাইসহ বেশ কয়েকটি প্রস্তাবিত প্রকল্পস্থল পরির্দশন করেন। মানুষের দাবি ও তাদের অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী মহলে জানানো হবে। এখানে অনেক আশার আলো রয়েছে।
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগে পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি এলাকার মানুষ মনে রেখে এখনো আশায় বুক বেঁধে আছে। আমরা মানুষের প্রত্যাশার কথা সরকারের কাছে তুলে ধরতে সরেজমিন পরির্দশনের অনুরোধ করেছি। আশা করছি এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।



