১ম বিভাগ হকি খেলতে ক্লাবগুলোর শর্ত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সেই ২০২২ সালে মাঠে গড়িয়েছিল প্রথম বিভাগ হকি লিগ। খেলোয়াড়দের রুটি রুজির বন্ধ ছিল চারটি বছর। এবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন খেলোয়াড়রা। কিছু শর্তসাপেক্ষে ক্লাব কর্মকর্তারাও মোটামুটি রাজি হয়েছেন লিগ খেলতে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি সভাকক্ষে ক্লাব কর্তাদের নিয়ে আলোচনা সভায় খেলার বিষয়ে পজিটিভ দিকটি উঠে আসে।

প্রথম বিভাগ হকি লিগ কমিটির সেক্রেটারি শহীদুল্লাহ দোলন জানান, ‘এত দিন তো খেলতেই রাজি ছিল না ক্লাবগুলো। গতকাল আলোচনার মাধ্যমে শক্ত অবস্থান থেকে সরে এসেছেন। ক্লাবগুলোর দাবি আর্থিক সহযোগিতা এবং কোরবানির ঈদের পর দলবদল। ব্যাখ্যায় ক্লাবকর্মকর্তা বলেছেন, ক্লাবের এবং দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে তারা একটু পিছিয়ে আছে। ক্লাব চালাতে যে পরিমাণ অর্থ দরকার সেটি তারা ম্যানেজ করতে পারছেন না। যারা ক্লাবের ডোনার তারাও সুবিধাজনক পরিস্থিতিতে নেই বিধায় সমস্যায় আছে। বড় কথা হলো ক্লাবগুলো খেলতে রাজি হয়েছে।’

প্রথম বিভাগে ১১টি ক্লাব খেলে। বর্ণক সমাজ, হকি ইউনাইটেড, কম্বাইন্ড, ইয়ং স্টার, মুক্ত বিহঙ্গ, ওয়ান্ডারার্স, শিশু কিশোর, ফরাশগঞ্জ, পিডব্লিউডি, ওয়ারী ও রায়ের বাজার। গতকাল বিশেষ কারণে ওয়ারী এবং রায়ের বাজারের কর্মকর্তা বিদেশ থাকায় সভায় যোগ দিতে পারেননি। ক্লাবের এক কর্মকর্তা জানান, ‘আগে বাহফে সেক্রেটারি মমিনুল হক সাঈদ ক্লাবগুলোকে এক লাখ করে টাকা দিয়েছেন। এবার ব্যায় বেড়েছে, খেলোয়াড়দের ডিমান্ড বেড়েছে, ক্লাব পরিচালনায় অনেক খরচ। সে হিসেবে বাহফের চিন্তা করতে হবে। কমপক্ষে দুই লাখ করে টাকা দিলে কিছুটা লাঘব হবে।’