নয়া দিগন্ত ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মোট সাতজন মারা গেছে। তাদের মধ্যে তিনজনের হামে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি চারজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৪০৫ জনে পৌঁছেছে। চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৭৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।
আর এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেগেছেন ৪২ হাজার ৩৩৬ জন।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের শিশু হাফিজুর রহমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৮ শিশু মারা গেছে হাম উপসর্গে।
এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীায় সিলেট বিভাগে নতুন করে কারো শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮৯ শিশু। এ দিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮৬ জন শিশু।



