সংরক্ষিত বনের অর্ধশতাধিক গজারি গাছ কেটে নেয়ার অভিযোগ

Printed Edition

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বন থেকে অর্ধশতাধিক গজারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাদিগড় বিটের অধীনে পাড়াগাঁও মৌজার সিএস ৩৪৯ দাগে গেজেট বিজ্ঞপ্তিকৃত বনভূমি থেকে এসব গাছ কেটে নেয়া হয়েছে। সরেজমিন পরিদর্শনে এ অভিযোগের সত্যতা মিলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও মৌজার সিএস ৩৪৯ দাগে উজ্জ্বল মোড়লগংদের দখলে ছিল একটি চালা। ওই চালায় পাঁচ শতাধিক গজারি গাছ ছিল। ইতোমধ্যে প্রায় বেশির ভাগ গাছ রাতের আঁধারে চুরি হয়ে যায় এবং ওই জমিতে মতি মিয়া নামে এক ব্যক্তি ২০টি ঘর নিমাণ করে ভাড়া দেন। এরই ধারাবাহিকতায় বেশ কয়েক দিন আগে আরো অর্ধশতাধিক গজারি গাছ রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসীর দাবি, কাদিগড় বিট অফিসের কিছু অসাধু ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এসব গাছ কাটা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সরেজমিন বনভূমির বিভিন্ন স্থানে কাটা গাছের গুঁড়ি দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই বনভূমির গাছ কেটে চালাটি উজাড় করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিন দিন বনাঞ্চল সঙ্কুচিত হয়ে পড়ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এ ব্যাপারে চালার দাবিদার উজ্জ্বল মিয়ার সাথে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে কাদিগড় বিট অফিসার জলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চালা থেকে ২৫-৩০ বছর বয়সী প্রায় ২০-২৫টি গজারি গাছ কেটে নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ভালুকা রেঞ্জ অফিসার সাদিকুজ্জামনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।