ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-২০তে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। দলের কোনো ম্যাচে না জিতলেও সুখবর পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। র্যাংকিংয়ে সবশেষ হালনাগাদ গতকাল প্রকাশ করেছে আইসিসি। এতে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন ও শারমিন আক্তার সুপ্তারা।
তিন ম্যাচে ১০ ওভারে ৫৬ রানের বিনিময়ে ছয় ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সুলতানা খাতুন। আর সেরাবোলিং ফিগার ৬ রানে ৩ উইকেট। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এক লাফে ৪৮ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তারেরও। সুপ্তা ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। পাঁচ ধাপ এগিয়ে ৫৫তম দিলারা। আর স্বর্ণা ১৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬২তম স্থানে। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের টি-২০তে সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। দুইয়ে আরেক অসি ব্যাটার বেথ মুনি। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অবস্থান লরা ওলভার্টের।



