ক্রীড়া ডেস্ক
অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিচ্ছেন মর্গান রজার্স। খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল। আর্সেনালের প্রস্তাব থাকলেও চেলসির নতুন কোচ জাবি আলোনসোর প্রতি মুগ্ধতা থেকে এই ক্লাবকে বেছে নিয়েছেন ২৩ বছর বয়সী ইংলিশ এই ফুটবলার। অবশ্য ছেলেবেলা থেকেই চেলসির অনুরক্ত ছিলেন রজার্স। এই ক্লাবকে তিনি মনে করেন লন্ডনের সেরা ক্লাব। শৈশবের সেই স্বপ্নের ক্লাবই এখন তার ঠিকানা। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে প্রিয় আঙিনায় পা রেখে দারুণ রোমাঞ্চিত এই ইংলিশ ফুটবলার। ২৩ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে (১৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) হয়েছে এই দলবদল। তিনিই এখন সবচেয়ে দামি ব্রিটিশ ফুটবলার। তবে কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে আর্থিক বিবরণ প্রকাশ করেনি। স্কাই স্পোর্টস জানিয়েছে, নটিংহ্যাম ফরেস্ট থেকে এই মাসের শুরুতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফিকে ছাড়িয়ে গেছে এটি। চেলসির আগের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ২০২৩ সালে ব্রাইটন থেকে সাড়ে ১১ কোটি পাউন্ডে যোগ দেয়া মইসেস কাইসেডো।
উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার দুই ভূমিকাতেই খেলতে পারা রজার্স নতুন ক্লাবে যোগ দিয়ে বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আমার চোখে, লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি এবং এমন একটি ক্লাব, যেটিকে ছোটবেলা থেকেই সবসময় শ্রদ্ধা ও সমীহ করি।’



