জামায়াত মাজারে হামলায় বিশ^াসী নয়

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ না করার দাবি বিরোধীদলীয় নেতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। এতে ডা: শফিকুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটর সাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

ডা: শফিকুর রহমান আরো বলেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরনের পলিসি নেয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত জানা প্রয়োজন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে। এ প্রেক্ষিতে, আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, এমপি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

জামায়াত মাজারে হামলায় বিশ^াসী নয় : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বিশেষ করে কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য দেয়া একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। আমরা মনে করি, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবার উচিত দায়িত্বশীল আচরণ করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকা।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মালয়েশিয়া হাইকমিশনারের সাথে মতবিনিময় : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশি করে বৃত্তি দেয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়ায় হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান জামায়াত নেতারা।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ সাত সদস্যের প্রতিনিধি দল। মালয়েশিয়া হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের করপোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিম।

মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে অনুষ্ঠিত সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অধিকহারে বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

নোয়াখালী জেলা জামায়াতের প্রতিবাদ : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এক বিবৃতিতে বলেন, আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার ও এ সম্পর্কিত সংবাদ প্রকাশ-প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটিতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে; যা জামায়াতকে হেয় এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলের সুনাম-সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হয়েছে। প্রকৃত বিষয় : আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের জনশক্তি নন। তার কেনা চালের কারণে জামায়াতে ইসলামীর ওপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি, এই চাল তার ঘর থেকে নয়, বরং তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অতএব, সামাদের ঘর থেকে চাল উদ্ধার হওয়ার দাবিটি সঠিক নয় এবং সামাদ তার ভাইয়ের ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নন। এর পরও আলী আজগরকে জামায়াতে ইসলামী ও জামায়াতের জনশক্তির ট্যাগ দিয়ে ভুয়া নিউজ ও তথ্য প্রচারের জন্য একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা জানতে পেরেছি, ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালগুলো কয়েকটি প্রতিষ্ঠান আলী আজগরের কাছে বিক্রি করেছিল। সংশ্লিষ্ট সংবাদ প্রচারকারীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আশা করি, আগামীতে এই ধরনের হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকবেন।