মিডল ইস্ট মনিটর
মধ্যপ্রাচ্য ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি বলে মনে করেন ইইউর সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। গাজায় যুদ্ধের ক্ষেত্রে ইইউর প্রতিক্রিয়া এবং ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে না পারার তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্রনীতি পর্যালোচনা করতে গিয়ে বোরেল বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় এই জোট অত্যন্ত দৃঢ় প্রতিক্রিয়া দেখালেও মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তারা আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি এবং এখনো পারছে না। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েনকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কৌশলগত ও অনশর্ত সমর্থন জানাতে সেখানে পাঠিয়ে কমিশন মূলত ইইউর নিজস্ব পররাষ্ট্রনীতির এখতিয়ার লঙ্ঘন করেছে। বোরেল মনে করেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে উভয় সমাজের, বিশেষ করে ইসরাইলি সমাজের সমর্থন পাওয়ার জন্য কূটনৈতিক ও শান্তি প্রচেষ্টা জোরদার করা অত্যন্ত প্রয়োজন।



