জার্মানিকে ছেড়ে কথা বলবে না কুরাসাও

Printed Edition
আজকের ম্যাচকে সামনে রেখে প্র্যাকটিসে ব্যস্ত সময় পার করছেন জার্মান ও কুরাসাওয়ের ফুটবলাররা : ইন্টারনেট
আজকের ম্যাচকে সামনে রেখে প্র্যাকটিসে ব্যস্ত সময় পার করছেন জার্মান ও কুরাসাওয়ের ফুটবলাররা : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ফুটবলে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। সবশেষ ২০১৪ আসরে এই সোনালি ট্রফির স্বাদ পেয়েছে ইউরোপের দেশটি। এরপর ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্বের গণ্ডি পেরুতে ব্যর্থ হয় ফ্রঙ্ক বেকেনবাওয়ার, গার্ড মুলার, লোথার ম্যাথাউসের দেশটি। তিন দেশের যৌথ আয়োজনে শুরু হওয়া এবারের বিশ্বকাপে ফেবারিট হিসেবে মাঠে নামছে জার্মানি। গ্রুপ ‘ই’তে এবারে আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে জুলিয়ান নাগেলসম্যানের দল। তাদের প্রতিপক্ষ উত্তর আমেরিকার ছোট্ট দেশ কুরাসাও। এবারই বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। যুক্তরাষ্টের হিউস্টনে আজ রাত ১১টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ‘ছোট’ দেশ ডিক আটফোকাটের দল কুরাসাও। ৪৪৩ বর্গকিলোমিটারের দেশটিতে দেড় লাখের একটু বেশি জনসংখ্যা। স্বাভাবিকভাবেই এই ম্যাচে কুরাসাওয়ের চেয়ে অনেক এগিয়ে জার্মানি। তবে আটফোকাটের হাত ধরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে উঠে এসেছে দেশটি। সেই সাথে ইতিহাস গড়ার পথে আছেন দেশটির ডাচ কোচ নিজেও। জার্মানির বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়ালেই সবচেয়ে বয়সী কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়বেন আটফোকাট (৭৮)।

জার্মানির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আটফোকাট বলেন, ‘যখন শুরু করেছি, তখন থেকেই জানি, আমরা ফেবারিট নই। কিন্তু যারা ফেবারিট নয়, তারা বিস্ময় উপহার দিতে পারে। আমি আমার খেলোয়াড়, স্টাফ, বোর্ড সদস্যদের নিয়ে গর্বিত, যারা আমার ওপর আস্থা রেখেছিলেন। আর দুই বা তিন পয়েন্ট নিয়েও পরের ধাপে যাওয়া সম্ভব।’

কুরাসাওয়ের সব খেলোয়াড়েরই নাগরিকত্ব নেদারল্যান্ডসের। ডাচদের অধীনে কুরাসাও স্বায়ত্তশাসিত অঞ্চল। আটফোকাট হাত ধরে বাছাইয়ে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮বার বল পাঠিয়ে কনক্যাকাফ অঞ্চলে বিশ্বকাপে জায়গা করে নেয়ার পর ম্যাচে জয়ের আনন্দে জয় দিয়ে রাঙাতে চান। জার্মানির বিপক্ষে ম্যাচে চমকে দিতে চান সবাইকে। অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিয়ান্দ্রো বাকুনা কুরাসাওয়ের অধিনায়কত্ব করবেন। ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের সাথে মাঝমাঠের ভরসা তার ভাই জুনিনহো বাকুনা।

অপরদিকে চারবার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪) শিরোপা জিতেছে জার্মানি। তবে গত দু’টি বিশ্বকাপ হতাশাজনকভাবে পার করলেও বর্তমান টুর্নামেন্টে তাদের উন্নতির যথেষ্ঠ সুযোগ রয়েছে। দলটি বর্তমানে রয়েছে দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলে শেষ ৯টি ম্যাচের প্রতিটিতেই জিতেছে নাগেলসম্যানের দল। যার মধ্যে এই বছর সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা চারটি প্রীতি ম্যাচও রয়েছে। এই ম্যাচে জার্মানি দলে একমাত্র চোটজনিত অনিশ্চয়তা হলো দলে ফেরা ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল ন্যূয়ারকেই গোলপোস্টের নিচে খেলার সুযোগ দেয়া হবে।

জশুয়া কিমিখ, জোনাথন তাহ, লেরয় সানে, জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভির্টজ সবাই কুরাসাওয়ের বিপক্ষে দলে থাকছেন। আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করা কাইল হ্যাভার্টজ জার্মানির আক্রমণভাগের নেতৃত্ব দিতে প্রস্তুত। সব মিলে কুরাসাওয়ের বিপক্ষে সহজ জয় ছাড়া অন্য কিছু ভাবে না জার্মানিরা।