বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

Printed Edition

আলজাজিরা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ও এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ স্বয়ং এই হামলার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরাইলি বসতিতে গুলি চালানোসহ সেনাদের ক্ষয়ক্ষতির জন্য রেদওয়ান ফোর্স দায়ী। উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এবং কোনো হত্যাকারীই রেহাই পাবে না। তবে এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ১৭ এপ্রিল ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতের শিয়া-অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠে এটিই প্রথম ইসরাইলি হামলার ঘটনা। যদিও শুরু থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল। এর আগে গত ৯ এপ্রিল এই এলাকায় সর্বশেষ হামলা হয়েছিল।

আলজাজিরার প্রতিনিধি ওবাইদা হিত্তো জানান, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে পরিস্থিতি শান্ত ছিল এবং যুদ্ধবিরতি চলাকালে সেখানে হামলা হবে না বলে একটি অলিখিত সমঝোতা ছিল। তবে ইসরাইল শুরু থেকেই বলে আসছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনো স্থানে হামলা চালানোর অধিকার তাদের রয়েছে। যুদ্ধবিরতির পর এলাকাটিতে অনেক মানুষ ফিরে এসেছিলেন। এ দিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। অন্য দিকে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা দিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে, যার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের হতাহতরাও রয়েছেন। এই সঙ্ঘাতে এখন পর্যন্ত ১৭ ইসরাইলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যু নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।