বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) তৃতীয় জেলা কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১৩ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে উবামং মার্মা সভাপতি, মং মংশৈপ্রু ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং বিকাশ চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার সকালে বান্দরবানের মেঘলা হোটেল প্লাজা কনভেনশন হলে এই কাউন্সিলের আয়োজন করা হয়। বিদায়ী জেলা কমিটির সভাপতি শ্রী রাম তন সাং বমের (মালেক) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীকরণ চাকমা। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা এবং ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমা। এ সময় সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন এবং সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও অধিকার রক্ষায় সংগঠনের এই ধারা অব্যাহত থাকবে। নতুন কমিটি পাহাড়ের মানুষের অধিকার আদায়ে আরো গতিশীল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা।



