কুমিল্লায় ১২ জনের মৃত্যু

এক নম্বর আসামি গেটম্যান গ্রেফতার

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি গেটম্যান মো: হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। তিনি জানান, অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে বলে জানা গেছে।

গত সোমবার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা।

মামলার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। শেফালী আক্তার নিজেও ওই বাসের যাত্রী ছিলেন।

গত শনিবার ঈদের দিন ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট সময়মতো বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটে।