পরিকল্পিত নগরায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। রাজশাহীর সবুজ ঐতিহ্য ধরে রাখতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে। ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে রাজশাহীর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। এ অর্জন ধরে রাখতে এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সিটি করপোরেশনের পাশাপাশি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপির পুলিশ কমিশনার মো: ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। রাজশাহী ব্যুরো।



