মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
ছুটি নিয়ে দেশে আসার পাঁচ দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (৪০) নামে এক যুবক। শনিবার রাতে ওমানের বেরুমিতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর ছেলে।
নিহত শহীদুল ইসলামের স্বজনদের বরাত দিয়ে আবু শাহাদাত সায়েম বলেন, ‘পরিবারের সুখের আশায় দীর্ঘ ২০/২৫ বছর ধরে তিনি প্রবাসে কাজ করছেন। সেখানে এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার দেশে আসার কথা ছিল। ইতোমধ্যে বিমানের টিকিট থেকে যাবতীয় সবকিছু সম্পন্ন করে ফেলেছেন। শনিবার রাতে ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনের বিভিন্ন জিনিসপত্র কিনে মার্কেট থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।’



