আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান হলেন এ কে এম এহসান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ কে এম এহসান। গতকাল ব্যাংকটির পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ কে এম এহসান বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের ডেপুটি হেড হিসেবে দায়িত্ব পালনকালে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন। তার তত্ত্বাবধানেই পতিত প্রধানমন্ত্রী হাসিনা, বোন রেহেনাসহ শেখ পরিবার ও ব্যাংক ডাকাত এস আলমসহ ১২ বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের দেশ থেকে অর্থ পাচারের চিত্র বের হয়ে আসে। এসব অর্থ উদ্ধারের প্রক্রিয়াও শুরু হয় তার আমল থেকেই। একাধিকবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সমমর্যাদার আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) পরীক্ষায় প্রথম হয়েছিলেন। তবে অদৃশ্য কারণে তাকে বিএফআইইউ প্রধান করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। এর মধ্যে ছিলেন এ এক এম এহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কে এম হাসান অ্যান্ড কোম্পানির পার্টনার মুহাম্মদ হাফিজুর রহমান ও অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আমিন মাসুদ।