কারিনা কায়সারকে গজারিয়ায় দাফন

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে চতুর্থ নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে।

পরিবার সূত্র জানায়, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও একাধিক নামাজে জানাজা শেষে রোববার রাতে তার লাশ গজারিয়ায় নেয়া হয়। পরে নানী ডা: জোহরা খানম পারুলের বাগানবাড়িতে শেষ নামাজে জানাজার আয়োজন করা হয়।

সোমবার সকাল থেকেই প্রিয় মুখটিকে শেষবারের মতো দেখতে এলাকার মানুষের ভিড় বাড়তে থাকে। তবে পরিবারের অনুরোধে পুরো দাফন কার্যক্রম সীমিত পরিসরে সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনের সময় ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেয়া হয়। গণমাধ্যমকর্মীদেরও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে বলা হয়।

এদিকে কারিনার মা লোপা কায়সার মেয়ের স্মৃতিকে ধরে রাখতে কবরের পাশে একটি মসজিদ নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, গজারিয়ার বাড়িটি কারিনা ও তার মায়ের খুব প্রিয় ছিল।