মাদক উদ্ধারে দেশসেরা স্বীকৃতি পেল ময়মনসিংহ জেলা পুলিশ

Printed Edition

ময়মনসিংহ অফিস

মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য দেশসেরা স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ অর্জনের স্বীকৃতি হিসেবে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ পুরস্কার গ্রহণ করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। গত মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

জেলা পুলিশ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশ ৪০৮টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ৬৯৬ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় তিন কোটি ৬৯ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২টি ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ গ্রাম হেরোইন, ১৮৬ কেজির বেশি গাঁজা, ১৪ বোতল ফেনসিডিল, দুই হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৫২৪ বোতল বিদেশী মদ, এক হাজার ৩৭৫টি অ্যাম্পুল ইনজেকশন ও ৭১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।

পুলিশের তথ্যমতে, জানুয়ারিতে ১০৩টি মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে জেলা পুলিশের সব সদস্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।’