নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, বিএনপির মতো দরখাস্ত দিয়ে রাজপথে জামায়াতে ইসলামী আন্দোলন করেনি। জামায়াতের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তারা রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। আওয়ামী লীগ আমাদের ওপর যত জুলুম নির্যাতন করেছে আমরা ততই কৌশল পরিবর্তন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গত মঙ্গলবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতাদের মতো জামায়াতে ইসলামীর নেতারা মোবাইল বন্ধ করে দেয়নি। ফাঁসির মঞ্চে গিয়েছে তবুও দেশ ছেড়ে চলে যায়নি এবং ফ্যাসিবাদের সাথে আপস করেনি। শুধুমাত্র ফ্যাসিবাদের নীতি মেনে না নেয়ার কারণে দলের শীর্ষ নেতাদেনকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক নেতাকর্মীকে খুন, গুম করেছে। লাখ লাখ নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে। তবুও আমাদেরকে জনগণ থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করা যায়নি, যাবে না।
পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে, থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মাওলানা মুহাম্মদ শামছুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান।



