নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি গাজীপুর থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানা ওসি মো: জহুরুল ইসলাম।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আবদুর সাত্তার গাজীর স্ত্রী। করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় ও তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম বলেন, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সাথে তার স্বামী ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে ছিলেন। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়ির চালক পালিয়ে গেছে।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজেও মোটরসাইকেলে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।
রোববার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জবায়দুল ইসলাম জানান, শনিবার দুপুরে আরিফুল ইসলাম মোটরসাইকেলে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরো আটজন। শনিবার রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত আটজনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পরে রাত ১১টার দিকে হারুন গাজীকে রবিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার ভোরে উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি এসি কোচ ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাজী জাফর (৩৫) নামের এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে যায়, রোববার সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো নং ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত কার্ভাডভ্যানচালক কাজী জাফরের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে।
ফেনী অফিস জানায়, ফেনী শহরের অদূরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর সবুজবাগ নামক স্থানে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় কাউছার (৪০) নামে পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত কাউছার কুমিল্লা জেলার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো: জয়নাল আবেদীনের ছেলে।
হাইওয়ে পুলিশের কর্তব্যরত এসআই শহিদূল ইসলাম জানান, সকালে মহাসড়কের সবুজবাগ নামক স্থানে ঢাকামুখী একটি পিকআপের পিছনে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে পিকআপ ও কাভার্ডভ্যান উভয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন পিকআপের চালক কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



