সাফের মিশনে নেই স্বপ্না-মুনকি

Printed Edition
সংবাদ সম্মেলনে জবাব দিচ্ছেন বাটলার
সংবাদ সম্মেলনে জবাব দিচ্ছেন বাটলার

ক্রীড়া প্রতিবেদক

ভারতের গোয়ায় আগামী ২৫ মে শুরু হবে অষ্টম নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ২০২২ ও ২০২৪ আসরে টানা দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন এবার বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য সামনে রেখে আজ ১৫ দিনের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল। এরপর ২১ মে ভারতের উদ্দেশে রওনা দেবেন বাটলার-আফঈদারা। থাইল্যান্ডের রওনা দেয়ার আগে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার।

হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে এই দুই মিডফিল্ডারকে ছাড়াই যাচ্ছে বাংলাদেশ। পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে দল থেকে বাদ পড়েছেন তারা। তবে সংবাদ সম্মেলনে হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফেরার আশাবাদ জানান কোচ ও অধিনায়ক আফঈদা খন্দকার। কাজটা যে কঠিন, তা তারা জানেন। আগের দু’বার নেপালকে তাদেরই মাঠে হারিয়ে সাফ ট্রফি জিতলেও এবার লড়তে হবে ভারতের মাটিতে। ভারত এই টুর্নামেন্টের প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন। গত দু’বার ফাইনালে উঠতে ব্যর্থ হলেও এবার ঘরের মাঠে জিততে মরিয়া থাকবে স্বাগতিকরা।

২০২৪ সালে সাফের শিরোপা ধরে রাখা বাংলাদেশের ২৩ জনের দল থেকে এবার নেই ১০ জনই। স্বপ্না রানী ও মুনকি আক্তারের বাদ পড়াটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত দু’টি সাফ জয়ী দলের সদস্য স্বপ্না ও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুনকিকে শুধু বাদই দেননি কোচ, তাদের নিয়ে বাটলার রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন।

বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি। আশা করি এক দিন তাদের বোধোদয় হবে। আশা করি এক দিন ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেয়া হয়েছে।’

২৩ জনের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন- স্বর্ণা রানী, হালিমা খাতুন, সুরমা জান্নাত, সৌরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন ও উমেহেলা মারমা। এর মধ্যে অর্পিতা ও মোমিতা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার নবীরন খাতুন।

সাফে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১ মে ভারতের মুখোমুখি হবে আফঈদা-সাগরিকারা।

২৩ সদস্যের স্কোয়াড : আফঈদা খন্দকার (অধিনায়ক), রুপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, স্বর্ণা রানী মণ্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মাণ্ডা, মণিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, উমেহেলা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন ও আনিকা রানী সিদ্দিকী।