সামরিক বাজেট নিয়ে মতবিরোধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

Printed Edition

রয়টার্স

চলমান বৈশ্বিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধি করা নিয়ে সরকারের সাথে দীর্ঘদিনের মতবিরোধের জেরে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। গতকাল বৃহস্পতিবার জমা দেয়া তার পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

জানা গেছে, পদত্যাগপত্রে জন হিলি অভিযোগ তুলেছেন যে, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে ব্রিটেনের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়ে সরকার ও অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) কেউই যথাযথ পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী স্টারমারকে উদ্দেশ করে লেখা চিঠিতে তিনি সরাসরি বলেন, ‘দেশকে সুরক্ষার জন্য এই কঠিন সময়ে যে পরিমাণ সম্পদ ও অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করতে আপনি সক্ষম হননি এবং ট্রেজারিও তা দিতে অনিচ্ছুক ছিল।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক খাতের ব্যয় বৃদ্ধির বিষয়টি নিয়ে তীব্র টানাপড়েন চলছিল। এই ব্যয়সংক্রান্ত গভীর মতবিরোধের কারণেই সরকারের বহুল প্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ ‘ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান’ গত বছর থেকে আটকে আছে। উদ্ভূত পরিস্থিতিতে হিলির এই আকস্মিক পদত্যাগকে ব্রিটিশ সরকারের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।