চরফ্যাসনে দুই জামায়াত নেতাকে নির্মম নির্যাতন

Printed Edition

চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা

ভোলার চরফ্যাসনের আছলামপুরের যুবদল নেতা শাহিন দালালের নেতৃত্বে স্থানীয় জামায়াত কর্মী জলিলকে বিএনপি অফিসে আটক করে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে আছলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

এ সময় জলিলের সাথে থাকা আছলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মাহবুবকেও পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় অফিসের মধ্য থেকে বেশ কিছু লাঠি ও পাইপ জব্দ করা হয়।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জলিল জানান, আমি ও মাহবুব ভাই এশার নামাজ পড়ে আবুগঞ্জ বাজারের একটি দোকানে চা পান করে বের হতেই শাহীন আমাকে কথা আছে বলে তার দোকানের পেছনে ডেকে নিয়ে যায়।

এ সময় আমি কিছু বুঝে ওঠার আগেই তার বাহিনীর তারেক, মোতাহার, নুরু, জসিম, শাহাবুদ্দিন, ফয়সাল আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে , আমাকে বাঁচাতে আমার সাথে থাকা মাওলানা মাহবুবুর রহমান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে।

শাহিন ও তার বাহিনীর বেধড়ক মারে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যাই, পরে তারা আমাকে টেনে তাদের অফিসে নিয়ে যায়। আমার জ্ঞান ফিরে এলে আবারো আমাকে হাত পা বেঁধে মোটা পাইপ দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে । আমার পকেট থেকে সাত হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

তাদের দ্বিতীয় দফা মারধরে আমি আবার অজ্ঞান হয়ে যাই।

এদিকে হামলার বিষয়ে শাহিন জানান, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন বলে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে তার নাম দিচ্ছে।