ধামরাইয়ে কলেজে লুট, চুয়াডাঙ্গায় বাসে ডাকাতি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকার ধামরাই ও চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় গভীর রাতে দুর্বৃত্তদের লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধামরাইয়ে একটি কলেজে নৈশপ্রহরীকে জিম্মি করে লুটপাট চালানো হয়েছে। অন্য দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি করেছে সঙ্ঘবদ্ধ একটি চক্র।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাই উপজেলার রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে শুক্রবার ভোররাতে সাত-আটজন মুখোশধারী দুর্বৃত্ত নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা কলেজ ভবনের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে তিনটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নগদ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ এ টি এম জহির রায়হান জানান, লুটপাটের পাশাপাশি একই রাতে কলেজসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ ও ৫ কেভিএ ক্ষমতার দু’টি ট্রান্সফরমার খুলে ভেঙে ভেতরের কয়েল নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চুড়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় আট থেকে ১০ জনের একটি ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা একটি ভ্যান ও চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর নৈশকোচে উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার সময় কাছাকাছি এলাকায় পুলিশের টহল দল থাকলেও তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। শুক্রবার দুপুরে পুলিশ সুপার রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দুই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।