মাহা ৪-১ এ হারাল ইউরোপাকে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হওয়ার মতো দল গড়েনি মাহা স্পোর্টিং ক্লাব কিংবা ইউরোপা ইয়ূথ ক্লাব। তার পরও ভালো খেলা এবং নজরকাড়ার প্রতিই মনোযোগ ছিল দল দু’টির। সেটির প্রমাণ দেখিয়েছেন আবদুল হামিদ লোকমান। প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছেন দেশ বিদেশে খেলা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আয়মান ইবনে জামানকে। অবশ্য এরপরই ইনজুরিতে পড়েন ইউরোপায় খেলা সিলেটের এই তারকা। গতকাল রিটায়ার্ড হার্ট হয়ে হার মানতে হয় মাহার ফারদিনের কাছে (২২-২০, ১৫-৬)। আগের দিন নিট কনসার্ন শৈচিং মং মারমার বিপক্ষেও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে লোকমানকে (২১-১৭, ৭-১)।

এছাড়া গতকাল মাহা স্পোর্টিংয়ের সিনথিয়া ৭-২১, ১০-২১ পয়েন্টে হেরেছেন ইউরোপার ম্যাথেনা মাধুর্যের কাছে। তা ছাড়া অন্য চারটি ডিসিপ্লিনের মধ্যে তিনটিই জিতেছে মাহার শাটলাররা এবং পুরুষ ডাবলসে পেয়েছে ওয়াক ওভার। ইউরোপার শাটলার জয় পারিবারিক কারণে ক্যাম্প ছাড়লে মাহার এনাম ও মিজান জুটি ওয়াকওভার পান ইউরোপার লিপটন ও জয় জুটির বিপক্ষে।

নারী দ্বৈতে মাহার ফারিহা ও সিনথিয়া জুটি ২১-১১, ২১-৬ পয়েন্টে ইউরোপার সাথী ও লাবিবাকে এবং মিশ্র দ্বৈতে মিজান ও মিথিলা জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে হারান ইউরোপার লিপটন ও ম্যাথেনা জুটিকে।