পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় দুইবন্ধু সেলুনের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩০) নামে এক বন্ধু নিহত ও তীলক শীল (২৯) নামে অপর বন্ধু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ৯ জুন রাত ৯টায় উপজেলার জলুর দীঘির পাড়ে এ হামলার ঘটনা ঘটে। তবে কি কারণে দুর্বৃত্তরা দুইবন্ধুকে ছুরিকাঘাত করে তা জানা যায়নি।
নিহত পঙ্কজ শীল কছুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীলন শীলের ছেলে এবং তিলক শীল একই বাড়ির দুর্গাপদ শীলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন জানান, একই বাড়ির দু’জন সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করলে উভয়ই মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান। তিলক শীল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।


