রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই বছর আগে সংঘটিত একটি রাজনৈতিক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার করা হচ্ছে- এমন অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। একইসাথে পৈতৃক ভিটার বৈধ অংশ বুঝিয়ে দেয়ার দাবিও জানিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা মো: সাকিব এ অভিযোগ করেন। তিনি বলেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে তাদেরকে বিভিন্ন মিথ্যা অভিযোগ, হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করছেন। পাশাপাশি দুই বছর আগে ঘটে যাওয়া একটি রাজনৈতিক সহিংসতার ঘটনাকেও পরিবারিক বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

লিখিত বক্তব্যে সাকিব বলেন, রেজাউল করিম খোকন দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে দলীয় বিরোধের জেরে তিনি হামলার শিকার হন। ওই ঘটনায় তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা না থাকলেও ব্যক্তিগত স্বার্থে তাদের বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি।