বিনোদন প্রতিবেদক
কিছু দিন আগেই ঘোষণা আসে, বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘মেঘলা আকাশ’ গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তারই মেয়ে দিঠি আনোয়ার ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমানের কণ্ঠে। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। ‘মেঘলা আকাশ’ আর কিছু দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পাবে। এরই মধ্যে দিঠি জানালেন তিনি এবং অপু আমান রাজধানীর বারিধারার একটি ক্লাবে দু’দিন আগে আয়োজিত একটি অনুষ্ঠানে একসাথে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন তারা দুজন। দিঠি আনোয়ার বলেন, ‘মূলত হারানো দিনের গানগুলোই আমরা গেয়েছি। কখনো আমি একা গেয়েছি কখনো আমরা দুজনে গেয়েছি। মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত আমরা গান গেয়েছি। তবে মধ্যাহ্ন ভোজ শেষে সবার অনুরোধে আবারো দু’জন গান গেয়েছি। মূলত আয়োজকরা সবাই নারী ছিলেন এবং সবারই ইচ্ছে ছিল হারানো দিনের গান শোনার। আর অপুর সাথে অনেক দিন পর একই স্টেজে গান গাইলাম। খুব ভালো লেগেছে।’ অপু আমান বলেন, ‘দিঠি আপার সাথে সম্পর্কটা পারিবারিক। তার সাথে এর আগেও স্টেজ শোতে, টিভি শোতে গান গেয়েছি। কিন্তু সেদিনের অনুষ্ঠানটি একটু অন্যরকম ছিল। সত্যি বলতে কী, পুরনো দিনের বাংলা গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।
আর গান গাইতে গিয়ে দেখি, অধিকাংশ গানই গাজী চাচার লেখা। তখন স্বাভাবিকভাবে দিঠি আপা সাথে থাকলে গানগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠে। এই আয়োজনে আমাকে সাথে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিঠি আপাকে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’ এদিকে আগামী ঈদের পরপরই দিঠি চলে যাবেন যুক্তরাষ্ট্রে তার দুই ছেলের কাছে। সেখান থেকে আগামী জুলাইতে তিনি দেশে ফিরবেন। এদিকে অপু আমান তার নিজের কিছু মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি কিছু টিভি শো, কিছু স্টেজ শো নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন।



