সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কার বিশ্বের জীবনযাত্রাকে আধুনিক করছে। জ্ঞান ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তিনি মোবাইলকে কেবল বিনোদনের মাধ্যম না বানিয়ে দেশ গড়ার হাতিয়ার করার তাগিদ দেন। যুবসমাজকে মোবাইল ও মাদকের অপব্যবহার থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। মেলায় ১০ জেলার ৬০টি স্টলে উদ্ভাবনী আইডিয়া প্রদর্শিত হচ্ছে। খুলনা ব্যুরো।

আগুনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় ঘরে আগুন লেগে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মানসিক ভারসাম্যহীন সোনিয়া খাতুন (৩০) ও তার ১০ বছর বয়সী শিশুকন্যা মেহা মনি। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সকালে স্বজনরা উঠানে রান্না করার সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘর থেকে সোনিয়ার লাশ উদ্ধার করেন। দগ্ধ মেহা মনিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে সে মারা যায়। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে আগুন লাগিয়েছিলেন। বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা।

ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাকি চারটি গরু জীবিত উদ্ধার করে। তবে ট্রাকে থাকা মানুষজন অক্ষত আছেন। দুর্ঘটনার পরপরই চালক নজরুল ইসলাম পালিয়ে যান। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার শিয়ালমারী হাট থেকে আটটি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি।

২ পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামের দুই পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান বাদি হয়ে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার আদর্শ পাবলিক উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ হামলা ঘটে। পুলিশ জানায়, আহত দুই শিক্ষার্থী জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী। ফেসবুকের একটি পোস্ট নিয়ে সম্প্রতি তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে সিয়াম তার লোকজন নিয়ে পরীক্ষা শেষে তাদের ওপর হামলা চালায়। মদন থানার ওসি অসীম কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মদন (নেত্রকোনা) সংবাদদাতা।

ফ্রি হেলথ সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের গাবগুলাতল এলাকায় একটি ফ্রি হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডা: এ টি এম রেজাউল করিম এ সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে প্রথম দিনেই অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। ডা: রেজাউল করিম বলেন, অর্থের অভাবে যেন কারো চিকিৎসা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। এখন থেকে প্রতি শনিবার এখানে সাধারণ মানুষকে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হবে। ইতোমধ্যে রাঙ্গুনিয়ার চারটি ইউনিয়নে ফ্রি হেলথ সেন্টার চালু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ সেবা চালু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং সমাজসেবকরা উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

খাজনামুক্ত পশুর হাট

পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি কোরবানির পশুর হাটে খাজনা মওকুফ করায় জমে উঠেছে বেচাকেনা। স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের উদ্যোগে কাউখালী, কেউন্দিয়া, বেতকা ও তালুকদার হাটে এ বছর খাজনা ছাড়াই পশু বেচাকেনা চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যা নদীর পাড়ের ইকোপার্ক এলাকার নতুন হাটে শত শত খামারি গরু নিয়ে আসেন। খাজনামুক্ত হাটের সুন্দর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। হাটে পশুর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রাণিসম্পদ দফতরের মেডিক্যাল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার জানান, হাটে নিরাপদ পশু নিশ্চিত করতে তদারকি চলছে। এ বছর কোরবানি উপলক্ষে উপজেলার খামারগুলোতে ১,৬৫০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

ঢাকার ধামরাইয়ে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হেকিম আলী (৪২) নামের এক খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেকিম আলী ওই গ্রামের জয়নাল বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে নিজের মুরগির খামারে খাবার ও পানি দিতে যান হেকিম। সেখানে বিদ্যুতের লিক হওয়া তারের সাথে জড়িয়ে তিনি অবচেতন হয়ে পড়ে থাকেন। রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খামারে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এরশাদপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং হাঁপানিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে আশরাফ আলী (২৭)। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে হৃদয় মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ক্লিনিকে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই সময়ে আশরাফ আলী নিজের ছাদ ঘরে বিচালি বিছানোর সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান। সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসান জানান, দুই মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।