সন্তানকে ফিরে পেতে বাবার লাখ টাকা পুরস্কার ঘোষণা

Printed Edition

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে নিখোঁজ সন্তান নাফিজ হোসেনের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক অসহায় বাবা। গত ২ মার্চ ২০২৬ তারিখে ইফতারের সময় বাড়ির পাশের কওমি মাদরাসায় যাওয়ার পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। নাফিজ শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ভোরের বাজার এলাকার দেলোয়ার হোসেন শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও নাফিজের কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে মাতম। সন্তানের শোকে নাওয়া-খাওয়া ছেড়ে দরজার দিকে তাকিয়ে আছেন মা। আর সমাজের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন বাবা দেলোয়ার হোসেন। তিনি বলেন, যে আমার কলিজার টুকরোকে খুঁজে দেবে, তাকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেবো।’ নাফিজের সন্ধান পেলে মায়ের মুঠোফোন নম্বরে (০১৩৩৭-৩৬৫৬৩৪) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, শিশুটি নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও শিশুটিকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের জোর তৎপরতা কামনা করেছেন।