রাষ্ট্রপতি পদে আলোচনায় ওসমান ফারুক

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহম্মদ ওসমান ফারুকের নাম আলোচনায় আসছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র নয়া দিগন্তকে জানিয়েছে, সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ড. ওসমান ফারুকের ওপর আস্থা রাখতে চাইছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কার নাম চূড়ান্ত হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, ড. মুহম্মদ ওসমান ফারুক দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, বিশ্বব্যাংকে গুরুত্বপূর্ণ পদে চাকরির সুবাদে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং দলের প্রতি আনুগত্যের কারণে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্ব পাচ্ছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে তার নাম নিয়ে আলোচনা চলছে।

ড. মুহম্মদ ওসমান ফারুক ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে তিনি অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। পরে তিনি বিশ্বব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন চাকরি করেন। বিশ্ব ব্যাংকের চাকরি ছেড়ে ২০০১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ওই বছর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।