ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আগামী সপ্তাহের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানিয়েছেন, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলভিত্তিক যাচাই-বাছাই শেষে কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশ নতুন এক গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে এবং এনসিপি এরই মধ্যে তৃতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেও দলটি নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ভুলত্রুটি এড়াতে দল সতর্ক থাকবে জানিয়ে তিনি বলেন, দ্রুত প্রাথমিক যাচাই-বাছাই শুরু হবে। উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে তৃণমূলের মতামত নেয়া হবে। মাঠপর্যায়ে যাদের জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বেশি, তাদের অগ্রাধিকার দেয়া হবে।
এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পৌরসভা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে জোটভিত্তিক নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য দলটি একটি কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, সাংগঠনিক শক্তি ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।



