কর নিরীক্ষা থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

Printed Edition
কর নিরীক্ষা থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প
কর নিরীক্ষা থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

আলজাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে চলমান ও ভবিষ্যতের সম্ভাব্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিচার বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান কিংবা ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো কর-সংক্রান্ত তদন্ত বা মামলা ‘চিরতরে বন্ধ ও নিষিদ্ধ’ থাকবে।

এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। এক পৃষ্ঠার ওই নথি বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্রের কর বিভাগ আইআরএসের ১০ বিলিয়ন ডলারের মামলার সমঝোতার পর দিন নতুন এই নির্দেশনা আসে। ওই মামলায় ট্রাম্প অভিযোগ করেছিলেন, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার কর-সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস করা হয়েছিল।

বিচার বিভাগের নথিতে উল্লেখ করা হয়, সোমবারের সমঝোতার আগে ট্রাম্প যে কর বিবরণী জমা দিয়েছিলেন, সেগুলো সম্পর্কিত যেকোনো তদন্ত বা সম্ভাব্য তদন্তও এই অব্যাহতির আওতায় পড়বে। এ সিদ্ধান্তের পরপরই ডেমোক্র্যাট আইনপ্রণেতারা কঠোর প্রতিক্রিয়া জানান। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বার্থসংশ্লিষ্ট অপব্যবহারের অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে শিফ বলেন, “কর ফাঁকি দেয়া প্রেসিডেন্ট নিজে ও তার পুরো পরিবারের জন্য কর-সুবিধা নিশ্চিত করলেন, আর এতে সহায়তা করেছেন টড ব্ল্যাঞ্চ।”